চাঁপাইনবাবগঞ্জ, ২৪ এপ্রিল ২০২৫: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোলবোমা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোর ২টার দিকে শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত এলাকায় এই বিস্ফোরক দ্রব্যগুলো জব্দ করা হয়।
বৃহস্পতিবার রাত ৮টায় এক প্রেস ব্রিফিংয়ে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, চকপাড়া বিওপি এলাকা দিয়ে অবৈধ বিস্ফোরক দ্রব্য চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে পরিবহনের সম্ভাবনা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিজিবি টহল জোরদার করে এবং সীমান্ত মেইন পিলার ১৮৪ থেকে প্রায় এক কিলোমিটার দূরে শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি ট্রাক টার্মিনালে অভিযান চালায়।
অভিযানের সময় দুই ব্যক্তি বিজিবির টহল দল দেখে দুটি প্লাস্টিকের ক্যারেট ফেলে পালিয়ে যায়। ক্যারেট তল্লাশি করে ৯৯টি লাল টেপে মোড়ানো ককটেল ও ৪০টি কাচের বোতলে তৈরি পেট্রোলবোমা উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল কিবরিয়া জানান, মালিকবিহীন অবস্থায় এই বিস্ফোরক দ্রব্যগুলো জব্দ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে এগুলো কে বা কারা রেখে গেছে তা শনাক্ত করা সম্ভব হয়নি এবং কাউকে আটক করা যায়নি। জব্দকৃত বিস্ফোরক দ্রব্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হবে।
এ.আই/এম.আর
