বিনোদন, ২৯ মে, ২০২৫ : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের নতুন ছবি ‘সিতারে জামিন পার’ মুক্তির আগেই বিতর্কের মুখে। ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর এই ছবি নিয়ে নতুন করে সমালোচনার ঝড় উঠেছে। আমিরের পুরনো তুরস্ক সফরের একটি ছবি ভারত-পাক উত্তেজনার মধ্যে ভাইরাল হয়ে বয়কটের ডাক তুলেছে। তবে অভিনেতা সুনীল শেঠি আমিরের পক্ষে দাঁড়িয়েছেন।
বিতর্ক শুধু এখানেই থামেনি। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির পর কোনো ওটিটি প্ল্যাটফর্মে নয়, শুধু ইউটিউবে মুক্তি পাওয়ার পরিকল্পনা নিয়ে দর্শকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
‘সিতারে জামিন পার’-এ আমিরকে দেখা যাবে গুলশান নামে এক বাস্কেটবল কোচের ভূমিকায়। তিনি প্যারালিম্পিকের জন্য প্রতিবন্ধীদের একটি দলকে প্রশিক্ষণ দেবেন। তারে জামিন পারের নিকুম্ব চরিত্রের বিপরীতে গুলশান কঠোর মেজাজের। তার রাজনৈতিক মতাদর্শ নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ চাহিদাসম্পন্ন মানুষেরা তাকে কীভাবে ভালো মানুষে পরিণত করে, তা দেখানো হবে ছবিতে।
আর এস প্রসন্ন পরিচালিত এই ছবিতে জেনেলিয়া ডি সুজা, দারশিল সাফারি, সোনালি কুলকার্নি, ব্রিজেন্দ্র কালা, সুরেশ মেননসহ আরও অনেকে অভিনয় করেছেন।
এ.আই/এম.আর
