টোকিও, ২৯ মে ২০২৫: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে। তিনি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে আসন্ন বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যে চলমান সহযোগিতাকে আরও সম্প্রসারিত করার আগ্রহ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (২৯ মে) টোকিওর ইমপেরিয়াল হোটেলে নিক্কেই ইনকরপোরেশেনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী সুয়োশি হাসেবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
এই সাক্ষাৎ নিক্কেই ফোরাম ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনের প্রাক্কালে অনুষ্ঠিত হয়। জাপান সফরের তৃতীয় ও শেষ দিনে শুক্রবার অধ্যাপক ইউনূস জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। তিনি বলেন, “জাপান ও বাংলাদেশের মধ্যে অনেক খাতে সহযোগিতার সুযোগ রয়েছে, এবং আমি এই সম্ভাবনাগুলোর ওপর কাজ করতে চাই।”
অধ্যাপক ইউনূস জানান, তিনি নিয়মিতভাবে জাপান সফর করেন এবং নিক্কেই ফোরামের মাধ্যমে জাপানে বহু বন্ধু তৈরির সুযোগ পেয়েছেন, যার জন্য তিনি কৃতজ্ঞ। হাসেবে প্রধান উপদেষ্টার ব্যস্ত সময়সূচির মধ্যেও অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, “জাপানে একটি প্রবাদ আছে—আগুন থেকে বাদাম তোলার সাহস থাকতে হয়।” তিনি অধ্যাপক ইউনূসের সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাক্ষাৎ শেষে অধ্যাপক ইউনূস নিক্কেই ফোরাম ‘ফিউচার অব এশিয়া’য় বক্তব্য প্রদান করেন।
এ.আই/এম.আর
