অর্থনীতি, ২৯ মে, ২০২৫ : ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) বাংলাদেশ ৩৫০ কোটি ডলারের বিদেশি ঋণ পরিশোধ করেছে, যা গত অর্থবছরের তুলনায় বেশি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, গত অর্থবছরে একই সময়ে ২৮১ কোটি ডলার পরিশোধ করা হয়েছিল, যার তুলনায় চলতি অর্থবছরে ঋণ পরিশোধ বেড়েছে ২৪.৭৩ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়, এ সময়ে আসল ঋণ পরিশোধ বেড়েছে ৩২.৮৬ শতাংশ। চলতি অর্থবছরে ২০০ কোটি ডলারের বেশি (২.০২১ বিলিয়ন) আসল ঋণ পরিশোধ করা হয়েছে, যা গত বছর ছিল ১৬৬ কোটি ডলার। এছাড়া, সুদ পরিশোধ বেড়েছে ১২.৯৫ শতাংশ। চলতি অর্থবছরে সুদ বাবদ ১২৯ কোটি ডলার পরিশোধ করা হয়েছে, যা গত বছর ছিল ১১৪.৮০ কোটি ডলার।
ইআরডির কর্মকর্তারা জানান, বিগত সময়ে নেওয়া মেগা প্রকল্পের ঋণ ও বাজেট সহায়তার গ্রেস পিরিয়ড শেষ হওয়ায় এবং উচ্চ সুদের হারের কারণে ঋণ পরিশোধের চাপ বেড়েছে। অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশের নেওয়া বড় অংকের ঋণের কঠিন শর্ত এবং গ্রেস পিরিয়ড শেষ হওয়ায় পরিশোধের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
এ.আই/এম.আর
