পটুয়াখালী, ২৯ মে, ২০২৫ : পটুয়াখালীর কলাপাড়া উপকূলে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নিম্নাঞ্চল জোয়ারের পানিতে তলিয়ে গেছে। ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাসে বেড়িবাঁধের বাইরের অনেক অস্থায়ী স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে কর্মজীবী ও শ্রমজীবী মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে ২০২৫) সকাল থেকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল, এবং শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারেনি।
আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাত্র ছয় ঘণ্টায় ৯৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ফুট বৃদ্ধি পেয়েছে, যার ফলে নীলগঞ্জ, লালুয়া, চম্পাপুরসহ বেশ কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শহরের নদী-সংলগ্ন সড়কগুলোতেও পানি প্রবেশ করেছে।
লালুয়া ইউপি চেয়ারম্যান তপন বিশ্বাস জানান, তাঁর ইউনিয়নে বেড়িবাঁধের বাইরের কয়েকটি এলাকা জোয়ারের পানিতে তলিয়ে গেছে। অপরিকল্পিত নির্মাণ কার্যক্রমের কারণে বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সমস্যা দেখা দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর পায়রা সমুদ্রবন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে এবং নৌযানগুলোকে সাবধানে চলাচলের নির্দেশ দিয়েছে। কলাপাড়া ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান জানান, নিম্নচাপটি পায়রা সমুদ্রবন্দর থেকে ২৪৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল, যা বর্তমানে আরও কাছাকাছি এসেছে।
খেপুপাড়া রার্ডার স্টেশন কেন্দ্রের কর্মকর্তা আবদুল জব্বার জানান, গত ২৪ ঘণ্টায় ১৪৩.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার মধ্যে সকাল থেকে দুপুর পর্যন্ত ৯৮ মিলিমিটার। বাতাসের গতিবেগ সর্বোচ্চ ঘণ্টায় ৪৬ কিলোমিটার রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমের সর্বোচ্চ।
এ.আই/এম.আর
