মাগুরা, ২১ মে ২০২৫ : মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ডের রায়ের ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে পৌঁছেছে। বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
মামলার শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করতে হাইকোর্টে কোনও নির্দেশ দেওয়া হবে কিনা, তা প্রধান বিচারপতি দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
এর আগে, গত ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান হিটু শেখকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। মামলার অন্য তিন আসামি—শিশুটির বোনের জামাতা সজীব শেখ, তার ভাই রাতুল শেখ এবং তাদের মা জাহেদা বেগমকে খালাস দেওয়া হয়।
উল্লেখ্য, গত ৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ৮ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়। পরে ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
এ.আই/এম.আর
