ঢাকা, ০৫ জুন ২০২৫ : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজধানী ঢাকায় উদযাপিত হলো রাশিয়া দিবস। বুধবার (০৪ জুন) ঢাকাস্থ রাশিয়ান হাউজে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাস এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
রাশিয়ার জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বক্তারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সোভিয়েত ইউনিয়নের অবদানের কথা স্মরণ করেন। তারা উল্লেখ করেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের নৈতিক ও কূটনৈতিক সমর্থন দুই দেশের মধ্যে গভীর বন্ধুত্বের ভিত্তি স্থাপন করেছে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী রাশিয়ান সাংস্কৃতিক পরিবেশনা। ‘কালিনকা’, ‘নাদ ভোদোই’, ‘কাতিউশা’, ‘গোরি, গোরি ইয়াসনো’, ‘কাদরিল’ এবং ‘রাশিয়া উইল রিমেইন রাশিয়া’ গান ও নৃত্য দর্শকদের মুগ্ধ করে। এছাড়া, রাশিয়া ও বাংলাদেশের সম্পর্কের স্মরণীয় মুহূর্ত নিয়ে আয়োজিত একটি আলোকচিত্র প্রদর্শনী বিশেষভাবে দর্শকদের আকর্ষণ করে।
অনুষ্ঠানে সরকারি প্রতিনিধি, যুব সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, রাশিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির সদস্য, সোভিয়েত অ্যাসোসিয়েশনের অ্যালামনাই, রাশিয়ার দূতাবাসের কূটনীতিকসহ ৩০০ জনেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই আয়োজন বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সহযোগিতার প্রতীক হিসেবে বিবেচিত হয়েছে।
এ.আই/এম.আর
.webp)