ইসরায়েলের উপর ইরান আবারো মিসাইল হামলা চালিয়েছে। এবার ১৭তম বারের মতো ইরান ৩৯টি মিসাইল ছুড়েছে, যা ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। আল জাজিরার বরাতে জানা গেছে, ইসরায়েলের স্থানীয় গণমাধ্যম এই হামলার তথ্য নিশ্চিত করেছে।
ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, ইরান থেকে ছোড়া প্রায় ৩৯টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে দেশটির কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা প্রতিহত করতে সক্রিয় রয়েছে।
এই হামলার পূর্বে ইসরায়েল দাবি করেছিল, তারা ইরানের তিনটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করেছে এবং ইরানের সামরিক বাহিনীর একজন কমান্ডারকে হত্যা করেছে। এর পরিপ্রেক্ষিতে ইরান এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এই ঘটনা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক সম্প্রদায়।
এ.আই/এম.আর
