কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আল উদেইদে ইরানের ছয়টি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জটিলতা সৃষ্টি হয়েছে। এর ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি দোহাগামী ফ্লাইট মাঝপথে কাতারের আকাশসীমা বন্ধের খবর পেয়ে ওমানের মাস্কাটে অবতরণ করেছে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইটটি মাস্কাটে জ্বালানি ভরে ঢাকায় ফিরবে।
বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর সোমবার গণমাধ্যমকে জানান, ফ্লাইটটি দোহার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর মাঝপথে কাতারের আকাশসীমা বন্ধের তথ্য পায়। ফলে রুট পরিবর্তন করে মাস্কাটে অবতরণ করা হয়। সেখানে জ্বালানি নেওয়ার পর ফ্লাইটটি ঢাকায় ফিরে আসবে।
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৈশ্বিক পরিস্থিতির কারণে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। ফলে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত এবং বাহরাইন রুটে সকল বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এই রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের এয়ারলাইন্স অফিসের সঙ্গে যোগাযোগ করে ভ্রমণের সময়সূচি পুনঃনির্ধারণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছে।
এ.আই/এম.আর
