শুক্রবার (২০ জুন, ২০২৫) বিকেলে কানাডায় মৃত্যুবরণ করা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী শাশ্বত সৌম্যের মরদেহ দেশে ফিরেছে। তার মরদেহ প্রথমে বিমানবন্দর থেকে সেগুনবাগিচায় নিজ বাসায় নেওয়া হয়। পরে লাশবাহী গাড়িতে করে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) ভবনে আনা হয়। এ সময় শেষবারের মতো শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বুয়েটের উপাচার্য, শিক্ষক, সহপাঠী, পরিবারের সদস্যসহ আরও অনেকে।
গত ৪ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ার ওকানাগান লেক থেকে সৌম্যের মরদেহ উদ্ধার করা হয়। তিনি বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ থেকে ২০২১ সালে ৪.০ জিপিএ নিয়ে প্রথম স্থান অধিকার করে স্নাতক সম্পন্ন করেন। এরপর তিনি কিছুদিন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও বুয়েটে শিক্ষকতা করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) পিএইচডির জন্য যান এবং কানাডা ও আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণার ওপর বক্তৃতা প্রদান করেন।
কানাডার পুলিশ সৌম্যের মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করতে পারেনি। তবে তার পরিবার এই মৃত্যুকে একটি দুর্ঘটনা হিসেবে দাবি করেছে। সৌম্যের মৃত্যুতে বুয়েট কমিউনিটি ও তার পরিবার গভীর শোকাহত।
এ.আই/এম.আর
