লন্ডন, ১৩ জুন ২০২৫: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বহুল প্রতীক্ষিত বৈঠক শুরু হয়েছে। শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে লন্ডনের হোটেল ডোরচেস্টারে এই বৈঠক শুরু হয়।
দুই ঘণ্টার এই বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ, অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত এবং তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। বিএনপি সূত্রে জানা গেছে, নির্বাচন, সংস্কার ও বিচারব্যবস্থা—এই তিনটি ইস্যুতে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে। বিশেষ করে, আগামী নির্বাচনের সময়সূচি এগিয়ে আনার বিষয়ে বিএনপি জোর দিচ্ছে। দলটি মনে করে, চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত, তবে জানুয়ারি বা ফেব্রুয়ারিতেও তাদের আপত্তি নেই।
ড. ইউনূস চার দিনের সরকারি সফরে গত মঙ্গলবার লন্ডনে পৌঁছান। অন্যদিকে, ২০০৮ সাল থেকে লন্ডনে অবস্থানরত তারেক রহমান বর্তমানে বিএনপির প্রধান নেতৃত্বে রয়েছেন। বৈঠকের বিষয়টি গত সোমবার সরকার ও বিএনপি নিশ্চিত করার পর থেকে রাজনৈতিক অঙ্গনে এটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বৈঠকের আলোচ্যসূচির দায়িত্ব পুরোপুরি তারেক রহমানের ওপর। দলটি অন্তর্বর্তী সরকারের ঘোষিত এপ্রিল ২০২৬ নির্বাচনের রোডম্যাপের পরিবর্তে তাড়াতাড়ি নির্বাচনের পক্ষে।
এ.আই/এম.আর
