ইরানের ইসফাহানে অবস্থিত একটি পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। ইরানের দাবি, ইসরায়েলি যুদ্ধবিমান এই স্থাপনাকে লক্ষ্য করে বোমাবর্ষণ করেছে, যার ফলে ব্যাপক বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে পুরো এলাকা।
শনিবার (২১ জুন) দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, এই হামলায় কোনো বিপজ্জনক পদার্থ ছড়িয়ে পড়েনি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ ঘটনায় এখনও কোনো মন্তব্য করেনি।
ইরানের ফারস সংবাদ সংস্থা জানিয়েছে, ইসফাহানের পারমাণবিক স্থাপনা ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তু ছিল। তবে, কোনো বিপজ্জনক পদার্থের ভাণ্ডার ক্ষতিগ্রস্ত হয়নি। বর্তমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে এই স্থাপনায় ইতোপূর্বেও ইসরায়েল হামলা চালিয়েছিল।
কয়েকটি সূত্রের বরাতে জানা গেছে, শনিবার সকালে ইসফাহানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে, সেখানে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় বিস্তারিত তথ্য পাওয়া সম্ভব হয়নি।
এদিকে, ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) ড্রোন ইউনিটের দ্বিতীয় কমান্ডার আমিন পুর জোদখি নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের যুদ্ধবিমান এই কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালায়। জোদখি ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ইসরায়েলের দিকে শতাধিক ইউএভি ড্রোন উৎক্ষেপণের তত্ত্বাবধানে নিযুক্ত ছিলেন।
চলমান এই সংঘাত মধ্যপ্রাচ্যে উত্তেজনাকে আরও তীব্র করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে এইসংঘাতের সম্ভাব্য পরিণতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
এ.আই/এম.আর
