ঢাকা, ০৮ জুন ২০২৫: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের মাঝারি ও ক্ষুদ্র শিল্পের (এসএমই) উন্নয়নে অন্তর্বর্তী সরকার অত্যন্ত আন্তরিক। ‘বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস-২০২৫’ উপলক্ষে রোববার দেওয়া এক বাণীতে তিনি এ কথা জানান।
ড. ইউনূস বলেন, এ বছরের প্রতিপাদ্য ‘অ্যাক্রেডিটেশন: ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের ক্ষমতায়ন’ বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে অত্যন্ত সময়োপযোগী। তিনি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি)-এর সকল অংশীজন ও সহযোগী সংস্থাকে শুভেচ্ছা জানান।
তিনি উল্লেখ করেন, এসএমই খাত দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) একটি বৃহৎ অংশে অবদান রাখে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে, এ খাত আন্তর্জাতিক বাজারে প্রবেশে প্রতিবন্ধকতা, পরিবর্তনশীল ভোক্তা চাহিদা এবং আর্থিক সীমাবদ্ধতার মতো চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় অ্যাক্রেডিটেশন ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, অ্যাক্রেডিটেশন জাতীয় গুণগতমান অবকাঠামো উন্নয়ন, পণ্য ও সেবার গুণগতমান নিশ্চিতকরণ, দক্ষ কারিগরি জনবল সৃষ্টি এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ তৈরি করে। বিএবি প্রতিষ্ঠালগ্ন থেকে এ লক্ষ্যে কাজ করে আসছে এবং এ পর্যন্ত ১৫৫টি সরকারি-বেসরকারি ও বহুজাতিক সংস্থাকে আন্তর্জাতিক মানের অ্যাক্রেডিটেশন সনদ প্রদান করেছে।
এ.আই/এম.আর
