ইসরায়েল ও তার সমর্থকদের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ইরানের পাশে দাঁড়ানোয় বাংলাদেশ সরকার, জনগণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকাস্থ ইরান দূতাবাস। বৃহস্পতিবার (২৬ জুন) এক বিজ্ঞপ্তিতে এই কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের জনগণ, শিক্ষাবিদ, সামাজিক ও রাজনৈতিক কর্মীদের শান্তিপূর্ণ সমাবেশ, সহানুভূতিপূর্ণ বক্তৃতা এবং স্পষ্ট অবস্থান ইরানের প্রতি সংহতির প্রকাশ। এটি ন্যায়বিচার, স্বাধীনতা এবং জাতীয় মর্যাদার প্রতি বাংলাদেশের গভীর প্রতিশ্রুতির প্রতিফলন। ইরানের প্রতিরোধকে জাতীয় ইচ্ছাশক্তি এবং সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার হিসেবে উল্লেখ করে দূতাবাস বলেছে, এটি আধিপত্যবাদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্বের কাছে একটি শক্তিশালী বার্তা।
ইরান দৃঢ়ভাবে বিশ্বাস করে, আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ একটি বৈধ অধিকার এবং নৈতিক দায়িত্ব। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সহিংসতা ও সম্প্রসারণবাদী নীতির মোকাবিলায় জাতিগুলোর মধ্যে পারস্পরিক সংহতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের এই সমর্থনের জন্য ইরান বন্ধুপ্রতিম ও ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
এ.আই/এম.আর
