তেহরান, ২৬ জুন ২০২৫: ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সম্পর্ক স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার আওতাধীন গার্ডিয়ান কাউন্সিল এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করেছে। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গার্ডিয়ান কাউন্সিলের একজন মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার (২৬ জুন) ইরানের পার্লামেন্টে এই বিল পাস হওয়ার পর কাউন্সিল এটি অনুমোদন করেছে। এর ফলে আইএইএর সঙ্গে ইরানের সহযোগিতা আনুষ্ঠানিকভাবে স্থগিত হয়েছে।
ইরানের পার্লামেন্ট এর আগে আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিত করার পরিকল্পনা অনুমোদন করেছিল। নূর নিউজের প্রতিবেদনে বলা হয়, নতুন বিলের আওতায় আইএইএ পরিদর্শকরা শুধুমাত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের স্পষ্ট অনুমোদন এবং পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তার নিশ্চয়তা সাপেক্ষে ইরানে প্রবেশ করতে পারবেন।
এই সিদ্ধান্ত এসেছে ইরান-ইসরাইলের মধ্যে ১২ দিনের সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রেক্ষাপটে। যুদ্ধবিরতির আগে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল। নতুন বিলে শর্ত দেওয়া হয়েছে যে ভবিষ্যতে আইএইএর যেকোনো পরিদর্শনের জন্য সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন প্রয়োজন হবে।
এই পদক্ষেপ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ.আই/এম.আর
