ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একাধিক এলাকায় দেশটির সামরিক স্থাপনাকে লক্ষ্য করে নতুন করে বিমান হামলা শুরু করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। শনিবার (২১ জুন) ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। ইরানের সামরিক স্থাপনাগুলোতে ইসরায়েলি বিমান বাহিনীর যুদ্ধবিমান দিয়ে হামলা চালানো হচ্ছে বলে জানানো হয়, তবে ঠিক কোন এলাকাগুলোতে এই হামলা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। খবর রয়া নিউজ।
এদিকে, একই দিন সকালে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, স্থানীয় সময় সকাল ১০টা ১৬ মিনিট থেকে ১১টা ২৭ মিনিটের মধ্যে অন্তত আটটি মনুষ্যবিহীন ড্রোন ইসরায়েলি আকাশে প্রবেশ করেছে। এই ড্রোনগুলো কোথা থেকে এসেছে বা কারা এগুলো পরিচালনা করেছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। তবে এই ঘটনার পরপরই ইরানের ওপর নতুন হামলার ঘোষণা আসে, যা ইরান-ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।
ইরান ও ইসরায়েলের মধ্যে গত ১৩ জুন থেকে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলা বর্তমানে দ্বিতীয় সপ্তাহে পৌঁছেছে। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে ইসরায়েলের হামলার জবাবে ইরানও তেল আবিব, হাইফা ও দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এই সংঘাত মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছে।
এ.আই/এম.আর
