আন্তর্জাতিক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ নিয়ে আসা একটি ছোট জাহাজ আটকে দেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। জাহাজটিতে ১২ জন অধিকারকর্মী রয়েছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন পরিবেশবাদী গ্রেটা থুনবার্গ। জাহাজটি ভূমধ্যসাগর হয়ে মিসরের কাছে পৌঁছেছে এবং গাজার দিকে অগ্রসর হচ্ছে। তবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ রোববার (৮ জুন ২০২৫) জাহাজটিকে গাজা উপকূলে ভিড়তে না দেওয়ার নির্দেশ দিয়েছেন।
ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে বলেন, “আমি সেনাদের নির্দেশ দিয়েছি মাদলিন ফ্লোটিলাকে গাজায় পৌঁছাতে না দেওয়ার জন্য। গ্রেটা থুনবার্গ ও তার সহযোগীদের, যারা হামাসের মুখপাত্র বলে অভিযোগ, তাদের বলছি, ফিরে যান, আপনারা গাজায় পৌঁছাতে পারবেন না।”
জাহাজটিতে এক টন ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী রয়েছে। এই যাত্রা মূলত প্রতীকী, যার উদ্দেশ্য ইসরায়েলের আরোপিত অবরোধ ভাঙার চেষ্টা করা। অধিকারকর্মীদের মতে, তারা গাজায় পৌঁছাতে পারলে অন্যরাও ত্রাণ নিয়ে এগিয়ে আসবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই জাহাজের যাত্রা সরাসরি সম্প্রচার করছে, যা গাজার মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। অনেকে জাহাজটি দেখতে উপকূলে ভিড় করেছেন এবং আলজাজিরার সম্প্রচারের দিকে নজর রাখছেন
এ.আই/এম.আর
