গাজা, ২৬ জুন ২০২৫: গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৭৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এই হামলায় আহত হয়েছেন প্রায় ৪০০ জন। কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিহতদের মধ্যে ৩৩ জন প্রাণ হারিয়েছেন ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছাকাছি এলাকায়। মানবিক সহায়তার জন্য অপেক্ষারত অবস্থায় তাদের উপর এই হামলা চালানো হয়। বৃহস্পতিবার সকাল থেকে গাজার বিভিন্ন অঞ্চলে নতুন করে বোমাবর্ষণ শুরু হয়। উত্তর ও মধ্য গাজায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তাণ্ডবে অন্তত ১৩ জন নিহত হন। উত্তর গাজার আল শিফা হাসপাতাল এবং স্কুল লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। এছাড়া, দক্ষিণ গাজায় শরণার্থীদের তাঁবুতে বিমান হামলায় কমপক্ষে ৫ জন ফিলিস্তিনি নিহত হন।
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল গাজায় সামরিক অভিযান অব্যাহত রেখেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে এই হামলা চলছে। গত ২০ মাসে ইসরায়েলি আগ্রাসনে ৫৬,০০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
এ.আই/এম.আর
.jpg)