তেহরান, ২০ জুন ২০২৫: ইসরায়েলি বাহিনী ইরানে রাতভর ব্যাপক বিমান হামলা চালিয়েছে, যেখানে ৬০টিরও বেশি যুদ্ধবিমান অংশ নিয়েছে। শুক্রবার সকালে আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তেহরানের বিভিন্ন স্থানে কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, যেখানে প্রায় ১২০টি ভারী বোমা ফেলা হয়।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামলাগুলো তেহরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা ও অন্যান্য শিল্প স্থাপনাকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে এবং এগুলো সফল হয়েছে। গত কয়েক দিনে ইরানজুড়ে ইসরায়েলি হামলায় শত শত মানুষ নিহত হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর হিসাবে নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে, যদিও ইরান সরকার নিয়মিত হতাহতের তথ্য প্রকাশ করছে না। তাদের বিক্ষিপ্ত তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা ২০০-এর কিছু বেশি।
অন্যদিকে, ইরানও পাল্টা হামলা অব্যাহত রেখেছে। শুক্রবার ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা ইরানের একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এরপরই বিয়ারশেবায় আগুন লাগার খবরে জরুরি সেবায় কল আসতে শুরু করে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম-এর প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, দক্ষিণাঞ্চলের একটি রাস্তায় একাধিক স্থানে আগুন জ্বলছে, যার কাছেই একটি টেক পার্ক ও মাইক্রোসফটের অফিস অবস্থিত।
এই সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে, এবং উভয় পক্ষই সামরিক অভিযান অব্যাহত রেখেছে।
এ.আই/এম.আর
