খেলাধুলা : শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ড্র করার পর চূড়ান্ত টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। কিন্তু কলোম্বোতে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ের মুখে পড়েছে টাইগাররা। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে পুরো সময় ব্যাটিং করেও কোনো ব্যাটারই অর্ধ-শতক করতে পারেননি।
৭১ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২২০ রান। তাইজুল ইসলাম ৯ রানে এবং এবাদত হোসেন ৫ রানে অপরাজিত আছেন।
সাদমান ইসলাম, যিনি ফিফটির পথে ছিলেন, ৯৩ বলে ৪৬ রান করে আউট হন। দিনের খেলা শেষে তিনি বলেন, “হয়ত দিনটা আমাদের ছিল না।” তবে তিনি দ্বিতীয় ইনিংসে ভালো কিছুর আশা রাখছেন। তিনি বলেন, “উইকেট কিছুটা স্লো। আমরা বেশ ভালো অবস্থানে আছি। ইনশাল্লাহ, ভালো বল করলে আমরা কামব্যাক করতে পারব। উইকেট ভালো ছিল, তেমন মুভমেন্ট ছিল না। আমরাই উইকেট ছুঁড়ে দিয়েছি। ইনশাল্লাহ, দ্বিতীয় ইনিংসে ভালো করব।”
“কেউ তো ইচ্ছা করে আউট হয় না। হয়ত আমরা ব্যাটাররা সেট হয়েও আউট হয়েছি। এটা আমাদের খারাপ দিন ছিল। ইনশাল্লাহ, দ্বিতীয় ইনিংসে আমরা ভালোভাবে কামব্যাক করব। শট না খেললে রান আসবে না। গলেতে আমরা ভালো শট খেলেছি, বাউন্ডারি এসেছে। আজ হয়ত আমাদের দিন ছিল না,” যোগ করেন সাদমান।
এ.আই/এম.আর
