ঢাকা, ১১ জুন ২০২৫ : সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপা তাদের মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়েছেন। বুধবার (১১ জুন) সন্ধ্যায় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে ফারজানা রুপা এবং কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে শাকিল আহমেদ মুক্তি পান। ঢাকা বিভাগের কারা-মহাপরিদর্শক জাহাঙ্গীর কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
কারা সূত্র জানায়, ফারজানা রুপার মা হোসনে আরা বেগমের মৃত্যুর পর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের হত্যা মামলায় বন্দি এই দম্পতিকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। ময়মনসিংহে মায়ের জানাজায় অংশ নিতে এবং শেষবারের মতো মাকে দেখার জন্য তাদের মুক্তি দেওয়া হয়েছে। হোসনে আরা বেগমের জানাজা ১১ জুন রাত ৯টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় উত্তরা পূর্ব থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এ ঘটনায় ফজলুল করিমসহ অনেকে গুলিবিদ্ধ হন। শাকিল আহমেদ ও ফারজানা রুপার বিরুদ্ধে এই আন্দোলন দমনে সরকারকে উসকানি দেওয়ার অভিযোগ ওঠে। ২১ আগস্ট তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। পরে উত্তরার হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখায় পুলিশ।
৮ আগস্ট একাত্তর টেলিভিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ.আই/এম.আর
