মালয়েশিয়ার পুলিশ কয়েক ধাপে পরিচালিত নিরাপত্তা অভিযানে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট চরমপন্থি মতাদর্শ এবং সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সোমবার (৩০ জুন) সংবাদমাধ্যম *নিউ স্ট্রেইট টাইমস*-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মালয়েশিয়ার পুলিশ মহাপরিদর্শক দাতুক সেরি মোহাম্মদ খালিদ ইসমাইল জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের কয়েকজনকে ইতোমধ্যে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। অন্যদের মধ্যে কয়েকজনকে ২০১২ সালের নিরাপত্তা অপরাধ (বিশেষ ব্যবস্থা) আইনের (সোসমা) অধীনে গ্রেপ্তার করা হয়েছে, এবং বাকিদের তদন্তের জন্য আটক রাখা হয়েছে। তিনি আরও জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে শিগগিরই একটি সংবাদ সম্মেলন আহ্বান করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল জানিয়েছেন, ২৪ এপ্রিল থেকে শুরু হওয়া এই সমন্বিত অভিযান তিনটি ধাপে সেলাঙ্গর এবং জোহরে পরিচালিত হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে শাহ আলম এবং জোহর বারু সেশন কোর্টে অভিযোগ গঠন করা হয়েছে। ১৫ জনের বিরুদ্ধে বহিষ্কারের আদেশ জারি করা হয়েছে, এবং ১৬ জনের জড়িত থাকার বিষয়ে তদন্ত চলছে।
মালয়েশিয়ার স্পেশাল ব্রাঞ্চের গোয়েন্দা তথ্য অনুযায়ী, এই গোষ্ঠীটি আইএস-অনুপ্রাণিত চরমপন্থি মতাদর্শ ছড়ানোর চেষ্টা করছিল এবং তাদের কমিউনিটির মধ্যে নিয়োগ সেল তৈরি করে লোকজনকে উগ্রবাদী চিন্তাধারায় উদ্বুদ্ধ করছিল।
এই ঘটনায় দেশটির নিরাপত্তা বাহিনী সতর্ক রয়েছে এবং চরমপন্থি কার্যক্রম মোকাবিলায় তৎপরতা অব্যাহত রেখেছে।
