বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মব জাস্টিসের নামে হিংস্র উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে, যা গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার পরিবেশকে বিপন্ন করছে। তিনি গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রাখার ওপর জোর দিয়ে বলেন, এটি একমাত্রিক রাষ্ট্রের পুনঃপ্রবর্তন রোধে অতীব জরুরি।
বুধবার (২৫ জুন) নির্যাতিতদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
তারেক রহমান বলেন, মানবতা, ন্যায়বিচার, আইনের শাসন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ঐতিহ্য গড়ে তুলতে গণতান্ত্রিক শক্তির ঐক্য অপরিহার্য। তিনি বিশ্বব্যাপী সহিংসতা ও রক্তপাতের কথা উল্লেখ করে বলেন, স্বৈরাচারী শাসকগোষ্ঠী তাদের বিরোধীদের ওপর নির্মম দমন-পীড়ন চালিয়ে নাগরিকদের জীবন ও সম্পদকে হুমকির মুখে ফেলেছে।
আওয়ামী লীগের দুঃশাসনের কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের আমলে বাংলাদেশ একটি সর্বগ্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছিল। মত প্রকাশের স্বাধীনতাসহ নাগরিক অধিকার হরণ করা হয়েছিল, সংবাদপত্রের স্বাধীনতা শৃঙ্খলিত ছিল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দি করা হয়েছিল এবং তার সুচিকিৎসায় বাধা দেওয়া হয়েছিল। তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের অগণতান্ত্রিক আচরণের ফলে নারী-শিশুসহ সাধারণ মানুষের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছিল।
নির্যাতনবিরোধী আন্তর্জাতিক দিবসের তাৎপর্য তুলে ধরে তারেক রহমান বলেন, এই দিবস নির্যাতনের শিকার ব্যক্তিদের প্রতি সংহতি জানানোর জন্য পালিত হয়। তিনি বিশ্বের নির্যাতিত মানুষের প্রতি সহমর্মিতা জানিয়ে নির্যাতনকারীদের পরাস্ত করতে গণতন্ত্রকামী মানুষের ঐক্যবদ্ধ প্রয়াসের আহ্বান জানান।
এ.আই/এম.আর
