ঢাকা, ০৯ জুন, ২০২৫ : সাবেক সংবাদ উপস্থাপক ও ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা সাফিনা আহমেদ তরী (৩২) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (৮ জুন ২০২৫) রাজধানীর মুগদা হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ। মৃত্যুর কারণ নির্ধারণের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে পরিবারের বরাতে জানা গেছে, সাফিনা আহমেদ তরী চ্যানেল ২৪ এবং আরটিভিতে সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করেছেন। সম্প্রতি তিনি ব্র্যাক ব্যাংকে কর্মরত ছিলেন। তিনি রাজধানীর ইস্কাটন এলাকায় তার মা ও বোনের সঙ্গে বসবাস করতেন।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানিয়েছেন, রোববার মুগদা হাসপাতাল কর্তৃপক্ষ একটি মরদেহের বিষয়ে পুলিশকে অবহিত করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে পাঠায়। মৃত্যুর কারণ এখনও নিশ্চিত না হওয়ায় এটি রহস্যজনক হিসেবে বিবেচিত হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও তথ্য জানা যাবে।
এ.আই/এম.আর
