শুক্রবার (২৭ জুন) বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় নির্বাচনের ব্যাপারে সব দল একমত হলেও ঘোষিত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করা অসম্ভব। তিনি জানান, “স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। জাতীয় নির্বাচনের জন্যই এতদিনের সংগ্রাম, স্থানীয় নির্বাচনের জন্য না। নির্বাচন কমিশনের প্রধান কাজ জাতীয় নির্বাচন আয়োজন করা।”
সালাহউদ্দিন আহমদ প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সাম্প্রতিক বৈঠক নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, “বিএনপির ধারণা, প্রধান উপদেষ্টা ও সিইসি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন বিষয়ে আলোচনা করেছেন। আমরা মনে করছি, নির্বাচনের প্রস্তুতি সেপ্টেম্বরের মধ্যেই সম্পন্ন করা সম্ভব। প্রধান উপদেষ্টা হয়তো সিইসিকে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বার্তা দিয়েছেন। উভয় পক্ষের স্পষ্ট বার্তা পেলে বিষয়টি আরও পরিষ্কার হবে।”
তিনি আরও জানান, বিএনপি জাতীয় নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে এবং এটিই দলের মূল লক্ষ্য।
এ.আই/এম.আর
