আন্তর্জাতিক ডেস্ক, ১৬ জুন ২০২৫ : ইরানের এক শীর্ষ সেনা কর্মকর্তা দাবি করেছেন, ইসরায়েল যদি ইরানের ওপর পরমাণু বোমা ফেলে, তাহলে পাকিস্তান ইসরায়েলের বিরুদ্ধে পরমাণু হামলা চালাবে। ইরানি রেভোলিউশনারি গার্ডের জেনারেল মোহসেন রেজায়ি এই বক্তব্য দিয়েছেন। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জেনারেল রেজায়ি বলেন, “পাকিস্তান আমাদের আশ্বাস দিয়েছে, ইসরায়েল যদি ইরানে পরমাণু হামলা চালায়, তাহলে তারা ইসরায়েলের ওপর পরমাণু হামলা করবে।” তিনি আরও জানান, পাকিস্তান ইরানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে এবং মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে।
২০২৪ সালের শুরুতে ইরান ও পাকিস্তানের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলার পাল্টাপাল্টির পর সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা গেলেও, বর্তমানে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠতা বেড়েছে বলে মনে হচ্ছে। রেজায়ি দাবি করেন, ইরানের কাছে কিছু গোপন সামরিক সক্ষমতা রয়েছে, যা এখনো প্রকাশ করা হয়নি।
পাকিস্তানের পক্ষ থেকে পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না এলেও, তারা ইসরায়েলের বিরুদ্ধে ইরানকে সমর্থন জানিয়েছে। ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার উইপনসের তথ্য অনুযায়ী, ইসরায়েল ও পাকিস্তান বিশ্বের নয়টি পরমাণু শক্তিধর দেশের মধ্যে রয়েছে।
এই আশ্বাস বাস্তবসম্মত কিনা, তা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করছেন। বিশ্লেষকরা মনে করছেন, এসব বক্তব্য কূটনৈতিক সমর্থনের অংশ হতে পারে, সরাসরি সামরিক হস্তক্ষেপ নয়।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছেন। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ইরান যদি যুক্তরাষ্ট্রকে আক্রমণ করে, তাহলে আমাদের সামরিক শক্তি এমনভাবে প্রতিক্রিয়া দেখাবে, যা কেউ আগে দেখেনি।”
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, “ইসরায়েলের হাতে পরমাণু অস্ত্র থাকা নিয়ে পশ্চিমা বিশ্বের চিন্তা করা উচিত। তাদের সমর্থন এ অঞ্চল ও বিশ্বের জন্য বিপদ ডেকে আনছে। ইসরায়েল একটি ‘দাঙ্গাবাজ রাষ্ট্র’, যার কর্মকাণ্ড পুরো অঞ্চলকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে।”
এ.আই/এম.আর
