খেলাধুলা, ৮ জুন ২০২৫ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এর শিরোপা জয়ের পর রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এবং তাদের তারকা খেলোয়াড় বিরাট কোহলি এখন এক মর্মান্তিক ঘটনার কারণে আলোচনার কেন্দ্রে। গত ৪ জুন চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি’র শিরোপা উদযাপনের সময় অতিরিক্ত ভিড়ের কারণে পদদলনের ঘটনায় ১১ জন সমর্থকের মৃত্যু এবং ৩৩ জনেরও বেশি আহত হওয়ার ঘটনায় বেঙ্গালুরুতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই ঘটনার জেরে বিরাট কোহলির নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বিরাট কোহলির নামে থানায় অভিযোগ: আরসিবি’র শিরোপা উদযাপনে পদদলনের ঘটনায় উত্তেজনা
সমাজকর্মী এইচ এম ভেঙ্কটেশ বেঙ্গালুরুর কুবন পার্ক থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগে উল্লেখ করেছেন, “বেঙ্গালুরু দলের জুয়ায় অংশ নেওয়া এবং নির্দিষ্ট স্থানে ভিড় জমতে উসকানি দেওয়ার মাধ্যমে এই দুর্ঘটনার প্রেক্ষাপট তৈরিতে বিরাট কোহলির ভূমিকা সবচেয়ে উল্লেখযোগ্য।” তিনি পুলিশের কাছে কোহলি ও তার দলের সদস্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের এবং আইনি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
তবে, বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, কোহলির বিরুদ্ধে নতুন কোনো এফআইআর নথিভুক্ত করা হয়নি। একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, “এরই মধ্যে দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে এই অভিযোগটি খতিয়ে দেখা হবে।” এই ঘটনায় ইতোমধ্যে আরসিবি ফ্র্যাঞ্চাইজি, কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ) এবং ডিএনএ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যাদের অবহেলা এবং ভিড় ব্যবস্থাপনায় ব্যর্থতার জন্য দায়ী করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার হয়েছেন আরসিবি’র বিপণন ও রাজস্ব বিভাগের প্রধান নিখিল সোসালে, ডিএনএ এন্টারটেইনমেন্টের ভাইস প্রেসিডেন্ট সুনীল ম্যাথিউ এবং সিনিয়র ইভেন্ট ম্যানেজার কিরণ কুমার। এছাড়া, নৈতিক দায় স্বীকার করে কেএসসিএ’র সচিব এ শঙ্কর এবং কোষাধ্যক্ষ ইএস জয়রাম পদত্যাগ করেছেন।
এদিকে, এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা চলছে। একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, “আইপিএল জয়ে কান্না, কিন্তু ভক্তদের মৃত্যুতে চোখে জল নেই? বিরাট কোহলি, তুমি আমাদের শ্রদ্ধা হারিয়েছ।”
আরসিবি কর্তৃপক্ষ মৃতদের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে, এই ঘটনা কোহলি এবং আরসিবি’র ঐতিহাসিক শিরোপা জয়ের উৎসবকে ম্লান করে দিয়েছে।
এ.আই/এম.আর
