১১ জুন, ২০২৫ : সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারিবাড়িতে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অডিটোরিয়াম ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। এ ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
কাছারিবাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান জানিয়েছেন, অনিবার্য কারণে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। এ বিষয়টি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে। গত ৮ জুন শাহনেওয়াজ নামে এক দর্শনার্থী মোটরসাইকেল পার্কিং নিয়ে কর্মচারীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এরপর হাতাহাতি ও নির্যাতনের অভিযোগ ওঠে। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার স্থানীয় জনতা মানববন্ধন কর্মসূচি পালন করে এবং উত্তেজিত জনতা অডিটোরিয়ামের দরজা-জানালা ভাঙচুর করে।
এ ঘটনায় সারাদেশে নিন্দার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান জানান, কাস্টোডিয়ান হাবিবুর রহমান সিসিটিভি ফুটেজের ভিত্তিতে চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তদন্তের জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক শেখ কামাল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যিনি বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ.আই/এম.আর
