ভ্রমণপ্রিয়দের জন্য সুখবর! মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে এখন একটি মাত্র ভিসায় ভ্রমণের সুযোগ চালু হতে যাচ্ছে। জিসিসি (গালফ কো-অপারেশন কাউন্সিল)ভুক্ত দেশগুলোর এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরস ভিসা’। এই ভিসার মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত এবং ওমানে ভ্রমণ করা যাবে।
গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, এই ভিসা স্কিমটি ২০২৩ সালে অনুমোদিত হয়েছে এবং বর্তমানে এর চূড়ান্ত পরিকল্পনা চলছে। চলতি বছরের মধ্যেই এটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও নির্দিষ্ট উদ্বোধনের তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
এই ভিসা সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দা এবং আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য ভ্রমণকে আরও সহজ করবে। একাধিক ভিসার ঝামেলা ছাড়াই এই ছয় দেশ ঘুরে দেখার সুযোগ পাওয়া যাবে। ভিসার মেয়াদ সম্ভাব্য ৩০ থেকে ৯০ দিন হতে পারে, তবে চূড়ান্ত শর্তগুলো এখনো নিশ্চিত করা হয়নি।
এই উদ্যোগ মধ্যপ্রাচ্যের পর্যটন খাতকে আরও গতিশীল করবে এবং ভ্রমণকারীদের জন্য নতুন দ্বার উন্মোচন করবে।
এ.আই/এম.আর
