গাজীপুরের গাছা থানা এলাকায় আপন প্লাস্টিক ইন্ডাস্ট্রিজে ডাকাতির ঘটনায় তিনজন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র ও লুট হওয়া কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—হবিগঞ্জের চুনারুঘাট থানার মাজিশাইল গ্রামের মো. কাউছার মিয়া (৩৫), ময়মনসিংহের ত্রিশাল থানার চমদাখালী গ্রামের সাব্বির হোসেন রাজিব (২৫), এবং গাজীপুর সদর থানার কুমুন এলাকার মো. শাখাওয়াত হোসেন ওরফে সৈকত (২৬)।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গত ২৩ জুন রাতে ঈশ্বড্ডা এলাকার আপন প্লাস্টিক ইন্ডাস্ট্রিজে একদল ডাকাত প্রবেশ করে প্রায় ১০ লাখ ৩ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগী বাদী হয়ে গাছা থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় জাঝর এলাকা থেকে রোববার (২৯ জুন) রাতে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
