গল টেস্টে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম দিনের খেলা শেষে টাইগাররা দৃঢ় অবস্থানে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ মুশফিকুর রহিমের জোড়া সেঞ্চুরিতে দিনশেষে বাংলাদেশ ৯০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৯২ রান সংগ্রহ করেছে। শান্ত ১৩৬ এবং মুশফিক ১০৫ রানে অপরাজিত থেকে দলকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছেন। তাদের ২৪৭ রানের জুটি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের চতুর্থ উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ এবং সব মিলিয়ে ষষ্ঠ সর্বোচ্চ।
দিনের শুরুতে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ধাক্কা খায়। দলীয় ৪৫ রানের মধ্যে তিন উইকেট হারায় টাইগাররা। এনামুল হক বিজয় শূন্য রানে, মুমিনুল হক ২৯ এবং সাদমান ইসলাম ১৪ রানে ফিরে যান। এরপর শান্ত ও মুশফিক দায়িত্ব নিয়ে দলকে টেনে তোলেন। শান্ত আক্রমণাত্মক খেললেও মুশফিক হিসাবী ব্যাটিংয়ে বাউন্ডারির চেয়ে সিঙ্গেল রানে জোর দেন। ১৭৬ বলে মাত্র ৫টি চারে সেঞ্চুরি করেন মুশফিক।
শান্ত টেস্টে ষষ্ঠ সেঞ্চুরি করেন দেড় বছর পর, আর মুশফিকের এটি ১২তম সেঞ্চুরি, ৯ মাস পর। সম্প্রতি ওয়ানডেতে সমালোচনার মুখে অবসর নেওয়া মুশফিকের এই ইনিংস তাকে টেস্টে নতুন করে প্রতিষ্ঠিত করেছে। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে থারিন্দু রত্ননায়েকে ২টি এবং আসিথা ফার্নান্দো ১টি উইকেট নেন।
টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের এই ম্যাচে বাংলাদেশ শক্ত অবস্থানে থেকে দ্বিতীয় দিনে আরও বড় স্কোরের আশা করছে।
এ.আই/এম.আর
