গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় গ্রীনল্যান্ড লিমিটেড নামে একটি কারখানায় চুরির অপবাদে শ্রমিক মো. হৃদয়কে (১৯) রশি দিয়ে বেঁধে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (২৭ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। হত্যার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
নিহত হৃদয় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শুকতার বাইদ গ্রামের আবুল কালামের ছেলে। তিনি গ্রীনল্যান্ড লিমিটেড কারখানায় মেকানিক্যাল মিস্ত্রি (অনকল) হিসেবে কাজ করতেন। ভাইরাল হওয়া ১ মিনিট ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, হৃদয়কে কারখানার অফিস কক্ষে জানালার সঙ্গে রশি দিয়ে বেঁধে নির্দয়ভাবে মারধর করা হচ্ছে। তার মুখ ও নাক দিয়ে রক্ত ঝরছে, এবং অচেতন অবস্থায় তাকে টেনে-হিঁচড়ে বের করা হচ্ছে। ভিডিওতে কয়েকজনকে হাসতে এবং মন্তব্য করতে শোনা যায় যে, “অনেক পেটানো হয়েছে, তারপরও মরে যায়নি।”
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে হৃদয় কারখানায় কাজে যান। ডিউটি শেষে বাসায় না ফেরায় তার ভাই লিটন ও মা কারখানায় যান। সেখানে শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ দেখে তারা জানতে পারেন হৃদয়কে হত্যা করা হয়েছে। পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তারা মরদেহ শনাক্ত করেন।
লিটন মিয়া বলেন, “আমার ভাইকে কারখানার ভেতরে প্রচণ্ড মারধর করে হত্যা করা হয়েছে। পরে ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়। আমরা এ হত্যার বিচার চাই।”
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, ঘটনার পর কারখানাটি দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে, মঙ্গলবার (১ জুলাই) কারখানা খোলার সম্ভাবনা রয়েছে।
