নারায়ণগঞ্জ, ১৭ জুন ২০২৫: নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব শিহাচর লালখাঁ এলাকায় সড়কের পাশের ড্রেন থেকে জনি সরকার (২৫) নামে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহত জনি সরকার সিলেটের জামালগঞ্জ থানার বিষ্ণপুর গ্রামের করুনা সরকারের ছেলে। তার বাবা করুনা সরকার ফতুল্লা খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে নৈশপ্রহরী হিসেবে কাজ করেন। তিনি জানান, স্ত্রী, দুই মেয়ে ও একমাত্র ছেলে জনিকে নিয়ে তিনি ফতুল্লার লালখাঁ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সোমবার রাত ৯টা থেকে জনি নিখোঁজ ছিলেন। মঙ্গলবার সকালে ড্রেনে বস্তাবন্দি মরদেহের খবর পেয়ে পুলিশের সহায়তায় মরদেহ শনাক্ত করেন তিনি।
স্থানীয় সূত্র জানায়, সকালে কর্মস্থলে যাওয়ার পথে একজন পথচারী ড্রেনে বস্তার মধ্যে একটি পা দেখতে পান। সন্দেহ হওয়ায় তিনি ফতুল্লা মডেল থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা খুলে হাত-পা বাঁধা অবস্থায় জনি সরকারের মরদেহ উদ্ধার করে। মরদেহে মুখ ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জন সরকারকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
এ.আই/এম.আর
