মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, হংকংভিত্তিক টেক্সটাইল ও পোশাক শিল্প প্রতিষ্ঠান হানডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকালে হানডার চেয়ারম্যান হান চুন এই বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেন।
প্রাথমিকভাবে হানডা বাংলাদেশের বস্ত্রখাতে ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছিল এবং গত এপ্রিলে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে একটি সমঝোতা স্মারকে সই করেছিল। বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থার জোরালো সহযোগিতার কারণে হানডা তার বিনিয়োগ পরিকল্পনা ২৫০ মিলিয়ন ডলারে উন্নীত করেছে।
কোম্পানিটি বাংলাদেশে তিনটি কারখানা স্থাপন করবে—দুটি গার্মেন্টস প্রক্রিয়াকরণ এবং একটি নিটিং ও ডায়িং ইউনিট—যার মাধ্যমে ২৫ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
হান চুন বলেন, ‘বিডা, বেজা এবং বেপজার কর্মকর্তাদের সাথে আলোচনা করে আমরা আত্মবিশ্বাস পেয়েছি এবং বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরও বলেন, ‘আমরা আমাদের প্রকল্পগুলোর মাধ্যমে বাংলাদেশের গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পে সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আসতে চাই।’
বিডা, বেজা ও বেপজা কর্মকর্তারা জানান, এটি বাংলাদেশের বস্ত্রখাতে অন্যতম বৃহৎ একক চীনা বিনিয়োগ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস হানডার বিনিয়োগ পরিকল্পনাকে স্বাগত জানান। তিনি বলেন, ‘বাংলাদেশের টেক্সটাইল খাতে আপনি চীনা বিনিয়োগের নেতৃত্ব নিন এবং অন্য চীনা বিনিয়োগকারীদেরও এখানে আসার জন্য উৎসাহিত করুন।’
বাংলাদেশী ডিজাইনারদের প্রশিক্ষণ প্রদানের আহ্বান জানিয়ে তিনি বলেন, যাতে তারা ক্রেতাদের পছন্দ-রুচি বুঝে কাজ করতে পারেন। হান চুন প্রধান উপদেষ্টার কাছে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে স্থাপিতব্য কারখানার একটি নকশা উপস্থাপন করেন। নকশাটি দেখে প্রধান উপদেষ্টা বলেন, ‘এটি আমার কাছে একটি চমৎকার চিত্রকলার মতো লাগছে।’
প্রথম ধাপে ৮০ মিলিয়ন ডলারের বিনিয়োগে মিরসরাইয়ে গার্মেন্টস কারখানার জমি ইজারার চুক্তি বুধবার স্বাক্ষরিত হবে। দ্বিতীয় ধাপের জমি ও অন্যান্য সুবিধাদি চূড়ান্তকরণের প্রক্রিয়া চলমান, যা ২০২৫ সালের শেষ নাগাদ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব মো: সিরাজ উদ্দিন মিয়া, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এবং হানডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রেসিডেন্ট হেং জেলি।
Note For Readers:
The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules.
Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters.
The CEO can confirm if your issue involves a person or AI.