মেহেরপুরের গাংনীতে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে এক ব্যক্তিকে এলাকাবাসী পিটুনি দিয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই ব্যক্তির নাম আবদুর রওফ, তিনি মেহেরপুর পৌর শহরের মল্লিকপাড়ার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বাঁশবাড়িয়ার পল্লিচিকিৎসক আবদুল মাবুদের কাছে ২০ হাজার টাকা দাবি করে আসছিলেন আবদুর রওফ। টাকা না দিলে স্থানীয় পত্রিকায় মাবুদের বিরুদ্ধে প্রতিবেদন ছাপানোর ভয় দেখান তিনি। মুঠোফোনে চাঁদার দাবির পর মঙ্গলবার বিকেলে টাকা নিতে গেলে স্থানীয় কয়েকজন তাঁকে পিটুনি দেন। পরে সেনাবাহিনীর ক্যাম্পে খবর দেওয়া হলে সেনাসদস্যরা রওফকে উদ্ধার করে নিয়ে যান।
এ ঘটনায় রওফের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল। তিনি বলেন, সেনাবাহিনী ওই ভুয়া সাংবাদিককে পুলিশের কাছে হস্তান্তর করেছে।