গাজীপুরে গরুচোর সন্দেহে চারজনকে পিটুনি দিয়েছেন গ্রামবাসী। এতে ঘটনাস্থলে এক যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় অপর তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ভোররাতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামে।
নিহত মো. শান্ত ইসলাম (২১) নরসিংদীর মাধবদী উপজেলার বালুচর এলাকার বাসিন্দা। আহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জের বড়হরা (বড্ডা) এলাকার রিফাত (১৯), ভাটিরা এলাকার রুবেল (২৮) ও বান্দাখোলা এলাকার আবদুল্লাহ (২৭)।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোররাত পৌনে চারটার দিকে কালীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শামসুদ্দিন মোল্লার গোয়ালঘরে একদল চোর হানা দেয়। ওই সময় শামসুদ্দিন পাশের ঘরে ঘুমাচ্ছিলেন। শব্দ পেয়ে জেগে উঠে তিনি চোরদের দেখে ফেলেন। তিনি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ও স্থানীয়দের সহায়তায় চোরদের ধাওয়া করেন। একপর্যায়ে চারজনকে ধরে ফেলে গ্রামবাসী। এরপর উত্তেজিত জনতা তাঁদের পিটুনি দিলে শান্ত নামের একজন ঘটনাস্থলেই মারা যান।