Monday, July 14, 2025

সিরাজগঞ্জে সরকারি ভবনে জামায়াতে ইসলামীর কার্যালয়




সিরাজগঞ্জ, ১৪ জুলাই ২০২৫– সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় একটি সরকারি ভবনে জামায়াতে ইসলামীর সাইন বোর্ড টানিয়ে দলটির নেতারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন বলে জানা গেছে।

গত দুই-তিন মাস ধরে উপজেলা সদরে অবস্থিত তুলা উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত একতলা সরকারি ভবনে জামায়াতে ইসলামীর নেতারা বসছেন। স্থানীয়রা জানান, ভবনটিতে উল্লাপাড়া পৌর জামায়াতে ইসলামীর ৫ নম্বর ওয়ার্ডের সাইন বোর্ড লাগানো হলেও উপজেলার বিভিন্ন এলাকার নেতাকর্মীরা নিয়মিত সেখানে আসেন।

এই ভবনের পাশেই উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদের কার্যালয়সহ আরও কয়েকটি সরকারি কার্যালয় রয়েছে। তবে জামায়াতের কার্যালয় নিয়ে কেউ কথা বলতে চাননি।

উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, “ওই ভবনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ছিল। সম্প্রতি পরিষ্কার ও সংস্কারের পর জামায়াতে ইসলামী তাদের সাইন বোর্ড লাগিয়ে সেখানে কার্যক্রম শুরু করেছে। এর বাইরে আমার আর কিছু জানা নেই।”

উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শাহজাহান আলী বলেন, “১৫-২০ বছর ধরে ভবনটি পরিত্যক্ত ছিল। দুই-তিন মাস আগে দুটি কক্ষ সংস্কার করে আমাদের ৫ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা সেখানে বসছেন। পাশের সরকারি অফিসের লোকজনের সঙ্গে কথা বলে ভবনটি ব্যবহারের জন্য নেওয়া হয়েছে। সরকারি কাজে প্রয়োজন হলে আমরা ভবনটি ছেড়ে দেব। পরিত্যক্ত ভবন ব্যবহার করছি, এটাকে দখল বলা ঠিক নয়।”

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। দ্রুত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তুলা উন্নয়ন বোর্ডের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, “এক সময় উল্লাপাড়ার ওই ভবনে তুলা উন্নয়ন বোর্ডের কার্যালয় ছিল। কিন্তু উল্লাপাড়ায় তুলা উৎপাদন বন্ধ থাকায় কার্যালয়টির কার্যক্রম অনেক আগেই বন্ধ হয়ে গেছে। নিয়ম অনুযায়ী, এখন উপজেলা প্রশাসনের উচিত ভবনটির তত্ত্বাবধান করা।”


Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.