চট্টগ্রামের পতেঙ্গার কর্ণফুলী ইপিজেডের একটি ভবনে ভয়াবহ আগুন লেগেছে। শুক্রবার (১১ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন ইপিজেডের অ্যারো ফেভারিট অফিসের আশপাশের ভবনেও ছড়িয়ে পড়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আটটি ইউনিট কাজ করছে। আগুনের সূত্রপাত হয় কর্ণফুলী ইপিজেডের জ্যান্ট এক্সেসরিজ নামের একটি কারখানায়। বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি (বেপজা) জানিয়েছে, শুক্রবার হওয়ায় কারখানাটি বন্ধ ছিল এবং কোনো শ্রমিক উপস্থিত ছিল না। কারখানা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।