রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ওয়াকিয়া ফেরদৌস নিধি। বিভিন্ন হাসপাতালে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
সোমবার রাত ৮টার দিকে উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিধির ভাই ফারুক হাসানের সাথে দেখা হয়। তিনি বলেন, “নিধি মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। এ ঘটনার পর থেকে তাকে পাওয়া যাচ্ছে না। আমরা ইতোমধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ, কুর্মিটোলা হাসপাতাল, কুয়েত মৈত্রী মেডিক্যাল কলেজসহ আরও অনেক হাসপাতালে খোঁজ করেছি। কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি।”
এদিকে, রাত ৮টার দিকে উত্তরা আধুনিক হাসপাতালের সামনে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে। জরুরি রক্ত সরবরাহের জন্য একটি বুথ বসানো হয়েছে, এবং মাইকে ঘোষণা দিয়ে রক্ত সংগ্রহ করা হচ্ছে। হাসপাতালের গেটে রোগী আসা মাত্রই স্বেচ্ছাসেবকরা তাদের জরুরি বিভাগে নিয়ে যাচ্ছেন।