চট্টগ্রাম নগরের কোতোয়ালি এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ৯ তলা থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৮ জুলাই ২০২৫) দুপুর ১২টার দিকে। নিহত শ্রমিকরা হলেন ফখরুল ইসলাম (২৬), মো. রাশেদ (২৪) এবং মোহাম্মদ হাসান (১৮)।
কোতোয়ালি থানার উপপরিদর্শক শেখ তারিকুল ইসলাম প্রথম আলোকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “তিন শ্রমিকের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
ওই ভবনের আরেক শ্রমিক মো. রাসেল প্রথম আলোকে জানান, কোতোয়ালি থানাধীন রঙ্গম কনভেনশন হলের কাছে অবস্থিত ভবনটি ১১ তলা বিশিষ্ট। তিন শ্রমিক ৯ তলায় কাজ করছিলেন। হঠাৎ তাঁরা একসঙ্গে নিচে পড়ে যান।