Tuesday, July 22, 2025

মাদারগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জে মসজিদের নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুষিত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন- উপজেলা জাঙ্গালিয়া এলাকার মরহুম জুনাব মন্ডলের ছেলে জদু মিয়া (৫০) ও একই এলাকার সুরুজ মন্ডলের ছেলে মোশারফ (৩০)। তারা দুজনে সম্পর্কে চাচা-ভাতিজা এবং পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

জানা যায়, বিকেলে মসজিদের নির্মাণাধীন সেপটিক ট্যাংকে সেন্টারিং খুলতে প্রথমে জদু মিয়া ট্যাংকে নেমে অজ্ঞান হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে মোশারফ ট্যাংকে নামলে তিনিও অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা ঘটনা টের পেয়ে উদ্ধারের চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেন। জামালপুর ও মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাক্তার সালেহ মাহাদি বলেন, ‘দুজন রোগী নিয়ে আসা হয়। আমরা তাদেরকে মৃত অবস্থায় পাই। পরীক্ষা করে দেখা যায়, তাদের এখানে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’
মাদারগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন জানান, ‘আনুমানিক বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে জাঙ্গালিয়া নামক স্থান থেকে খবর পাই যে, নির্মাণাধীন সেপটিক ট্যাংকে সেন্টারিং খুলতে নেমে দুজন শ্রমিক পড়ে গেছে। সে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সাথে নিয়ে অচেতন অবস্থায় দু’জনকেই উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.