নওগাঁয় প্রবাসী স্বামী নুরুল ইসলামকে তালাক দিয়ে প্রায় ৪৩ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার নিয়ে গা-ঢাকা দিয়েছেন চাঁদনী বানু নামের এক নারী। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার দোগাছী পাথরকুটা গ্রামে।
ভুক্তভোগী নুরুল ইসলামের নওগাঁ সদর থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ১৩ বছর আগে একই গ্রামের মৃত সফির উদ্দিনের ছেলে নুরুল ইসলামের সঙ্গে মোস্তাকিমের মেয়ে চাঁদনী বানুর বিয়ে হয়। তাদের একটি পুত্র সন্তান রয়েছে। পরিবারের ভবিষ্যৎ নিশ্চিত করতে নুরুল বিদেশে কাজ করতে যান এবং জমি কেনার জন্য চাঁদনীকে টাকা পাঠান। চাঁদনী ২০২৩ সালের ১৮ অক্টোবর ৫ শতক এবং ১৬ এপ্রিল ৩ শতক জমি ক্রয় করে নিজের নামে নামজারি করেন। কিন্তু নুরুল দেশে ফিরলে জমি তার নামে রেজিস্ট্রি করতে টালবাহানা শুরু করেন চাঁদনী।
পরে নুরুল লোকমুখে জানতে পারেন, চাঁদনী পরকীয়া প্রেমে জড়িয়েছেন। তিনি এ বিষয়ে বাধা দিলেও স্ত্রী আরও বেপরোয়া হয়ে ওঠেন। স্বামীর অনুপস্থিতিতে চাঁদনী ৩০ লাখ টাকা নগদ, ১৩ লাখ টাকার স্বর্ণালংকার, ৮ শতক জমির দলিল এবং দুটি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আত্মগোপনে চলে যান।