জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের ব্যবসা-বাণিজ্যে সবার জন্য সমান সুযোগ ছিল না। দুর্নীতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। গুটিকয় লোক দেশের আর্থিক খাত ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, “যে ব্যাংকের মালিক, সে সংসদ সদস্য, আবার সে হোটেল ও টেলিভিশনের মালিক ছিল। সব খাতেই একচ্ছত্র প্রভাব ছিল। তবে এখন আমরা এ থেকে মুক্ত। আসল মুক্তি আসবে, যখন এটা পুনরায় না হবে এবং সবাই সমান সুযোগ পাবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক, পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদের পরিবার ও যোদ্ধারা উপস্থিত ছিলেন।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক বলেন, “আমাদের মানুষ অধিকার থেকে বঞ্চিত ছিল, তাই গণ-অভ্যুত্থান সৃষ্টি হয়েছে। এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলা হয়। শহীদ ও আহতদের ঋণ শোধ করা সম্ভব না। তবুও তাদের পরিবারদের সম্মান দেওয়া উচিত। আমরা যদি আর্থিক খাতে কাজ করি এবং সংস্কার করতে পারি, তাহলে মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারব।”