Friday, August 22, 2025

মার্কিন সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শরিফুল খান

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তা শরিফুল এম খানকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তিনি গত ২০ আগস্ট নতুন পদ গ্রহণ করেছেন বলে জানা গেছে।

গত জুনে মেজর জেনারেল এবং ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত কর্মকর্তাদের মধ্যে একজন ছিলেন শরিফুল খান। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক বিজ্ঞপ্তি অনুসারে, ১৫ জন সামরিক কর্মকর্তাকে মেজর জেনারেল এবং ৫৫ জনকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতির জন্য মনোনীত করা হয়েছে।

মার্কিন বিমান বাহিনীর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে, ব্রিগেডিয়ার জেনারেল শরিফুল খান পেন্টাগনে গুরুত্বপূর্ণ ‘গোল্ডেন ডোম ফর আমেরিকা’ প্রোগ্রামের স্টাফ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এই ভূমিকায় তিনি গোল্ডেন ডোম-সংশ্লিষ্ট সকল উদ্যোগের কৌশল, নীতি, পরিকল্পনা, অবস্থান এবং ক্রস-ফাংশনাল বিষয়গুলো সমন্বয় করেন। জানা গেছে, ক্ষেপণাস্ত্র হামলা থেকে দেশকে রক্ষার জন্য আয়রন ডোমের চেয়ে শক্তিশালী সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ‘গোল্ডেন ডোম’ গড়ে তুলছে যুক্তরাষ্ট্র। কোনো আক্রমণ যেন আমেরিকার মাটিতে আঘাত না হানতে পারে, সে লক্ষ্যে এই ব্যবস্থা তৈরি করা হচ্ছে। গত ২০ মে ডোনাল্ড ট্রাম্প এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কাজ এগিয়ে নেওয়ার ঘোষণা দেন। এই গুরুত্বপূর্ণ প্রকল্পের বাস্তবায়নের দায়িত্ব পড়েছে শরিফুল খানের ওপর।
মার্কিন বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, শরিফুল ১৯৯৭ সালে ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স একাডেমি থেকে কমিশন অর্জন করেন। তিনি স্পেস কন্ট্রোল, স্পেস সিস্টেম, লঞ্চ এবং ন্যাশনাল রিকনেসান্স অফিসের সঙ্গে স্যাটেলাইট অপারেটর হিসেবে অভিজ্ঞতা অর্জন করেছেন। ২০০১ সালে তিনি কুয়েতের আলী আল সালেম এয়ার বেসে নিযুক্ত হন এবং ২০০৭ সালে তাকে পুনরায় সেখানে পাঠানো হয়। তিনি ‘অপারেশন সাইলেন্ট সেন্ট্রি’র জন্য ডিপ্লয়মেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.