ব্রাজিল ফুটবল দলের হোম জার্সি ঐতিহ্যগতভাবে হলুদ ও সবুজ, আর অ্যাওয়ে জার্সি সবসময় নীল। তবে আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নাইকি কর্তৃক সেলেসাওদের জন্য লাল রঙের অ্যাওয়ে জার্সি তৈরির পরিকল্পনা নিয়ে বিতর্কে জড়িয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।
গত এপ্রিলে সংবাদমাধ্যমে খবর ফাঁস হয় যে ব্রাজিল জাতীয় দল বিশ্বকাপে লাল জার্সি পরতে পারে। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। কারণ, ব্রাজিলে লাল রঙ সরাসরি রাজনৈতিক প্রতীক হিসেবে বিবেচিত, যা বামপন্থি ক্ষমতাসীন ‘ওয়ার্কার্স পার্টি’র রঙ, যার নেতৃত্ব দিচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। অন্যদিকে, ডানপন্থি সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর সমর্থকেরা রাজনৈতিক সমাবেশে দেশের ঐতিহ্যবাহী সবুজ-হলুদ রঙ ব্যবহার করেন। ফলে জার্সির রঙের বিষয়টি ফুটবল ছেড়ে দ্রুত রাজনীতির অঙ্গনে প্রবেশ করে।
খ্যাতিমান ক্রীড়া সাংবাদিক পাওলো ভিনিসিউস কোয়েলো মন্তব্য করেন, “এই সিদ্ধান্ত রাজনৈতিক সংবেদনশীলতার ঘাটতি প্রকাশ করে। বিশেষ করে যখন একটি দল হলুদ রঙকে তাদের রাজনৈতিক প্রতীকে রূপ দিয়েছে, তখন লাল জার্সি আরও বড় বিভ্রান্তি সৃষ্টি করতো।”