ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের সমন্বয়ে গঠিত ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে।
বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করা হয়।
প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছেন স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক মো. জামাল উদ্দীন খালিদ এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছেন সাবেক সমন্বয়ক মো. আবু সায়াদ বিন মাহিন সরকার। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফাতেহা শারমিন এ্যানি।
প্যানেলে সম্পাদক পদগুলোর মধ্যে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে আশিকুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে আবদুল্লাহ ইবনে হানিফ আরিয়ান, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ফারজানা আক্তার মিতু, আন্তর্জাতিক সম্পাদক পদে ইমরান মিয়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে মোহতাসিন বিল্লাহ ইমন, ক্রীড়া সম্পাদক পদে মুহাইমেনুল ইসলাম তকি, ছাত্র পরিবহন সম্পাদক পদে রাশেদ খান আদিব, সমাজসেবা সম্পাদক পদে মো. ফাইজুল্লাহ এবং স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে মেহেরিন আফরোজ মাইশাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া সদস্য পদে মো. গিয়াস উদ্দিন, রাহাত সিকদার, বায়েজিদ হাসান, মো. আব্দুল বাছিত, মো. মোফাজ্জল হোসেন, মনির হোসেন, মো. আবুতালেব (ইফতি), আবরার জারিফ, সাব্বির উদ্দিন রিয়ন, মো. খালেদ সাইফুল্লাহ জিহাদ ভূঁঞা, মো. আকাশ শাহ, মো. ইসমাইল হোসেন ও মাসুম বিল্লাহকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এর আগে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাহিন সরকারকে যুগ্ম সদস্য সচিব পদ থেকে বহিষ্কার করে। সোমবার (১৮ আগস্ট) রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মাহিন সরকারকে (যুগ্ম সদস্য সচিব, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি) স্ব-পদ ও দায়িত্ব থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিষ্কার করা হয়েছে। এই বহিষ্কার আদেশ ১৮ আগস্ট থেকে কার্যকর এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামালুদ্দীন মুহাম্মদ খালিদের নেতৃত্বে ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে জিএস পদে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র নেন মাহিন সরকার। তবে এটি এনসিপির শীর্ষ নেতৃত্ব ভালোভাবে নেয়নি এবং তাকে অংশগ্রহণ না করার নির্দেশনা দেওয়া হয়েছিল।
এনসিপির একটি সূত্র জানায়, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) এনসিপির ঘোষিত ছাত্র সংগঠন না হলেও তারা এনসিপির সঙ্গে রাজনীতি করে এবং তাদের কর্মসূচিতে অংশ নেয়। এমনকি ডাকসু নির্বাচনে বাগছাসের প্রার্থী চূড়ান্ত করতে তাদের গুরুত্বপূর্ণ মতামত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে অন্য প্যানেল থেকে এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা প্রার্থী হলে বাগছাসের জন্য ক্ষতির কারণ হবে।
এনসিপির এক কেন্দ্রীয় সদস্য কালবেলাকে বলেন, ‘দল তাকে নিষেধ করা সত্ত্বেও মাহিন সরকার ডাকসু নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তিনি দলের সিদ্ধান্তকে পুরোপুরি অমান্য করেছেন। সেজন্যই মূলত তাকে বহিষ্কার করা হয়েছে।’
Note For Readers:
The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules.
Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters.
The CEO can confirm if your issue involves a person or AI.