নোয়াখালী, ১ আগস্ট ২০২৫: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী শহরে ঝটিকা মিছিল করার ঘটনায় নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের ৪৩ নেতা-কর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ বাদী হয়ে বেগমগঞ্জ থানায় এ মামলা দায়ের করে। মিছিলের পর পুলিশের অভিযানে আটক পাঁচজনকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আটক পাঁচজন হলেন—চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের করিমপুর এলাকার নুর নবী ওরফে রাজু (৩১) ও আবদুল আহাদ (১৮), শরিফপুর ইউনিয়নের বাবুনগর গ্রামের মো. শ্রাবণ (১৯), চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গনিপুর গ্রামের জাহিদুল হাসান (১৯) এবং সদর উপজেলার ১৯ নম্বর পূর্ব চরমটুয়া ইউনিয়নের চর কাউনিয়া গ্রামের মো. আরমান (১৯)।
গতকাল বিকেল পৌনে ৪টার দিকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী শহরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করেন। ফেসবুকে প্রচারিত ভিডিও পর্যবেক্ষণ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিছিলটি চৌমুহনী রেলস্টেশন এলাকা থেকে শুরু হয়ে রেললাইনের পশ্চিম পাশের সড়ক দিয়ে রেলগেট হয়ে ফেনী-চৌমুহনী মহাসড়কে প্রবেশ করে। মিছিলকারীদের হাতে ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা ব্যানার ছিল। প্রায় ২৫ থেকে ৩০ জন কিশোর ও তরুণ মিছিলে অংশ নেন। মিছিলটি মহাসড়কের প্রায় ২০০ গজ অতিক্রম করে শহরের হাসান সড়কের মাথায় গিয়ে শেষ হয়।