Wednesday, August 20, 2025

সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুলের বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা

প্রায় আড়াই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের এপিএস ও কসবা উপজেলার সাবেক চেয়ারম্যান মো. রাশেদুল কাওসার ভূইয়ার (জীবন) বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া, অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় তার স্ত্রীর প্রতি সম্পদের বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মো. আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০১৪ সালের ২২ জানুয়ারি থেকে ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত রাশেদুল কাওসার আইনমন্ত্রীর এপিএস হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১৯ সালে তিনি ওই পদ থেকে অব্যাহতি নিয়ে কসবা উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। দুদকের অনুসন্ধানে দেখা গেছে, তার স্থাবর সম্পদের পরিমাণ ২ কোটি ৬১ লাখ ৫৯ হাজার ৩৩৩ টাকা এবং অস্থাবর সম্পদের পরিমাণ ৫২ লাখ ৫৮ হাজার ৫২৬ টাকা। সর্বমোট তার নামে ৩ কোটি ১৪ লাখ ১৭ হাজার ৮৫৯ টাকার সম্পদের প্রমাণ পাওয়া গেছে। তবে তার বৈধ আয়ের উৎস পাওয়া গেছে মাত্র ৮৩ লাখ ২০ হাজার ১০৬ টাকার। ফলে তিনি ২ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৭৫৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, তার স্ত্রী লুৎফুন নাহারের নামে-বেনামে বিপুল সম্পদ ও ব্যাংক হিসাবের লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এসব অর্থ বিনিয়োগ, হস্তান্তর, স্থানান্তর বা রূপান্তর করা হয়েছে কি-না, তা যাচাইয়ের জন্য তার প্রতি দুদক আইন, ২০০৪ এর ২৬(১) ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.