আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত অপরাধ এবং আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া নিয়ে আগামী নির্বাচিত সরকার এগিয়ে যাবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেন, নতুন বাস্তবতায় এমন চিন্তা করতে হচ্ছে, যা বিচার প্রক্রিয়াকে তাড়াহুড়ার মধ্যে ফেলছে।
শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে সরকারের গুমসংক্রান্ত তদন্ত কমিশন এবং জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর) যৌথভাবে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। তাজুল ইসলাম বলেন, “নতুন বাস্তবতায় আমাদের ভাবতে হচ্ছে, ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকার এলে তারা এই বিচারপ্রক্রিয়া নিয়ে এগোবে কি না। এই আশঙ্কায় আমাদের তাড়াহুড়া করতে হচ্ছে। ফলে যতটা নিখুঁতভাবে এই কাজ করা দরকার, তা হয়তো সম্ভব হবে না।”
বৈঠকে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, গুমসংক্রান্ত তদন্ত কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের জ্যেষ্ঠ মানবাধিকারবিষয়ক উপদেষ্টা হুমা খান প্রমুখ বক্তব্য দেন।