চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) একদিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিং করে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)।
নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন এই প্রতিষ্ঠানটি জানায়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টায় এনসিটিতে মোট ৫,০১৯টি টিইইউএস (টুয়েন্টি-ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট) কনটেইনার হ্যান্ডলিং হয়। এর মধ্যে আমদানি কনটেইনার ২,১০১টি টিইইউএস এবং রপ্তানি কনটেইনার ২,৯১৮টি টিইইউএস। এটি এখন পর্যন্ত বন্দরের একদিনে সর্বোচ্চ হ্যান্ডলিং রেকর্ড।
এর আগে ২৬ আগস্ট প্রকাশিত একটি বিশ্লেষণে দেখা যায়, সিডিডিএল দায়িত্ব নেওয়ার পর প্রথম ৪৯ দিনে ১,৭৪,৯৩১ টিইইউএস হ্যান্ডলিং হয়েছে। একই সময়ে পূর্বের অপারেটরের হ্যান্ডলিং ছিল ১,১৯,২৭৬ টিইইউএস। অর্থাৎ মাত্র দেড় মাসে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে প্রায় ৪৭ শতাংশ।